এমনটা ঘটেনি আগে। কোনো প্রধানমন্ত্রী সিনেমা হলে গিয়ে সাধারণের মতো সিনেমা উপভোগ করার ঘটনা। এমন নজিরই স্থাপন করলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার ছুটির দিনে রাজধানীর ধানমণ্ডির সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন? প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমানও। প্রধানমন্ত্রী ও তার কন্যা প্রজেক্ট হেইল মেরি সিনেমাটি দেখেন। ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন।
স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার কন্যাকে নিয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের শো-তে প্রজেক্ট হেইলি মেরি সিনেমা দেখেছেন। প্রধানমন্ত্রী একেবারে সাধারণ দর্শকদের মতো প্রটোকল ছাড়াই সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে এসে সন্ধ্যায় সিনেমাটি উপভোগ করেছেন। স্বেচ্ছায় প্রধানমন্ত্রী সিনেমা হলে এসে ছবি দেখার ব্যাপারটা নতুন নজির স্থাপন।
২০২৬ সালের সদ্য মুক্তিপ্রাপ্ত আমেরিকান সায়েন্স ফিকশন চলচ্চিত্র প্রজেক্ট হেইল মেরি। সিনেমাটি ২০২১ সালে প্রকাশিত অ্যান্ডি উইয়্যারের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। ফিলিপ অ্যান্ডারসন লর্ড এবং ক্রিস্টোফার রবার্ট মিলারের যৌথ প্রযোজনা ও পরিচালনায় নির্মিত এ সিনেমা ২০শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
সায়েন্স ফিকশনধর্মী এ সিনেমার গল্প এগোয় রাইল্যান্ড গ্রেস নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে। সিনেমায় দেখা যায়, রাইল্যান্ড গ্রেস একজন অসুস্থ রোগী, যিনি হঠাৎ কোমা থেকে জেগে ওঠেন এবং দেখেন তিনি একটি আন্তঃনাক্ষত্রিক মহাকাশযানে রয়েছেন। তবে সেখানে কীভাবে তিনি পৌঁছালেন সে সম্পর্কে কোনো ধারণা বা স্মৃতিই তার মনে নেই। কেন্দ্রীয় এ চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেতা রায়ান গসলিং। সিনেমায় টুইস্ট আসে তখনই, যখন তিনি আবিষ্কার করেন মহাকাশযানের তিন সদস্যের ক্রুদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি তিনি এবং এই মুহূর্তে পৃথিবী থেকে তিনি রয়েছেন দূরবর্তী সৌরজগতে। এমন পরিস্থিতিতেই রকি নামের ভিনগ্রহির দেখা পায় গ্রেস।
এরপরই রোমাঞ্চকর ও আবেগী ঘটনা ঘটতে থাকে গ্রেসের জীবনে। বৈজ্ঞানিক কল্পকাহিনী-নির্ভর এ সিনেমা বিশ্বে ২০২৬ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রায়ান গসলিং ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- সান্ড্রা হুলার, জেমস অর্টিজ এবং লায়োনেল বয়েস।
সম্পাদক ও প্রকাশকঃ
নুরজাহান নুরী
কার্যালয়ঃ
আল-আমিন- ৮ সাদার পাড়া, উপশহর সিলেট ৩১০০
ফোন: +৮৮০১৭১৭৯৪৭২৯৭, +৮৮০১৭২৫১০৫৮২৫
sylhetdesk2000@gmail.com