সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় শান্তিগঞ্জের ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মদন মোহন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাছুম মিয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আইনজীবী খলিল রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলিনা আক্তার, গণিত শিক্ষক নিহার রঞ্জন দাস এবং অভিভাবক দিলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষার্থী কলি বেগম, আরাফাত তাওসিফ নিয়ন ও সানজানা আফরিন সামা।
বৃত্তি পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এ বছর ২৫তম মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধার ভিত্তিতে প্রথম বিভাগে ৩০ জন এবং দ্বিতীয় বিভাগে ৪৫ জনসহ মোট ৭৫ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার সময় হয়তো ফুরিয়ে আসছে, তবে আমার বিশ্বাস—আমার সন্তানরা এই মহতী উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এলাকাবাসী ও উত্তরণ ক্লাবের সহযোগিতায় এই বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী ও প্রতিযোগিতামুখী করে তুলবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অডিটোরিয়ামটি এক মিলনমেলায় পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ
নুরজাহান নুরী
কার্যালয়ঃ
আল-আমিন- ৮ সাদার পাড়া, উপশহর সিলেট ৩১০০
ফোন: +৮৮০১৭১৭৯৪৭২৯৭, +৮৮০১৭২৫১০৫৮২৫
sylhetdesk2000@gmail.com