জামায়াতের ইসলামীর সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ বলেছেন, জনগণ গণঅভ্যুত্থান করে আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে। তাই বিএনপি ও জামায়াতকে সুশাসন নিশ্চিত করার বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “তাদের( আওয়ামী লীগ) তো যাওয়ার জায়গা আছে, বিএনপি-জামাতের কিন্তু যাওয়ার জায়গা নেই।”
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, ধান্দাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে দেশ পরিচালনার চেষ্টা করলে রাজনৈতিক দলগুলোকেও জনগণের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।
ইজ্জত উল্লাহ বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সরকার নির্ধারিত রাজস্ব আদায়ে ব্যর্থ হচ্ছে। ফলে প্রকৃত বাজেট ঘাটতি আরও বাড়তে পারে।
তিনি জানান, বর্তমানে দেশের মোট ঋণের পরিমাণ প্রায় ৩০ লাখ কোটি টাকায় পৌঁছেছে এবং শুধু সুদ পরিশোধেই বছরে ব্যয় হচ্ছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। একই সঙ্গে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ব্যাংক খাত সংকটে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলের মতামতকে গণতন্ত্রের অংশ উল্লেখ করে তিনি সবাইকে মিলেই কার্যকর বাজেট বাস্তবায়নের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ
নুরজাহান নুরী
কার্যালয়ঃ
আল-আমিন- ৮ সাদার পাড়া, উপশহর সিলেট ৩১০০
ফোন: +৮৮০১৭১৭৯৪৭২৯৭, +৮৮০১৭২৫১০৫৮২৫
sylhetdesk2000@gmail.com