
সূত্রগুলো বলছে, চলতি সপ্তাহের যেকোনো সময় স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে। এ লক্ষ্যে সম্প্রতি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, দলীয় ঐক্য আরও সুসংহত করা, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। তারা সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের বিষয়টি দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান। এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এস এম জিলানীকে সভাপতি এবং রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য বর্তমান কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সেই কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।
নতুন কমিটির সভাপতি পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান। এছাড়া বর্তমান সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিনের নামও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছে।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রনেতাদের কয়েকটি নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে আলোচিত নজরুল ইসলাম নোমান বলেন, বর্তমান সভাপতি সংসদ সদস্য এবং সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করায় তারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত রয়েছেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল রাখতে নতুন কমিটি গঠন এখন সময়ের দাবি।
দলীয় একাধিক সূত্রের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন আরও শক্তিশালী হবে।
সম্পাদক ও প্রকাশকঃ
নুরজাহান নুরী
কার্যালয়ঃ
আল-আমিন- ৮ সাদার পাড়া, উপশহর সিলেট ৩১০০
ফোন: +৮৮০১৭১৭৯৪৭২৯৭, +৮৮০১৭২৫১০৫৮২৫
sylhetdesk2000@gmail.com