
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পর সিলেট অঞ্চলের রাজনীতিতে চতুরতা ও রূপ বদলের এক নতুন অভিযোগ সামনে এসেছে। বিশ্বনাথের যুক্তরাজ্য প্রবাসী আহমদ আলীর বিরুদ্ধে দীর্ঘদিনের আওয়ামী রাজনৈতিক পরিচয় গোপন করে রাতারাতি বিএনপিতে ভিড়ে নিজেকে দলটির নেতা হিসেবে জাহির করার অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, যুক্তরাজ্য থেকে আনা কোটি টাকার বিএমডব্লিউ গাড়ির ট্যাক্স ও ভ্যাট ফাঁকি দেওয়ার গুরুতর অভিযোগও জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
আওয়ামী লীগ থেকে হঠাৎ ‘বিএনপি নেতা’ বনে যাওয়ার কৌশল
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, বিগত ১৭ বছর যুক্তরাজ্য আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও অর্থদাতা হিসেবে নিজেকে জাহির করা আহমদ আলী ৫ আগস্টের পর থেকে রাতারাতি লেবাস পাল্টে ফেলেছেন। সম্প্রতি সিলেটে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার যুক্তরাজ্যের একটি অনুষ্ঠানে একই টেবিলে বসে আহমদ আলীকে খাবার খেতে ও আড্ডা দিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর চরম ক্ষোভ প্রকাশ করেছেন দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা।
দৌলতপুর ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক আমিন উদ্দিন জানান, “আহমদ আলী একজন চিহ্নিত আওয়ামী লীগ কর্মী। অতীতে সিঙ্গেরকাছ বাজারে ছাত্রলীগের এক বিশাল অনুষ্ঠানে তিনি বিপুল অর্থ ব্যয় করে বিশাল তোরণ নির্মাণ করেছিলেন। লন্ডনে আমাদের নেত্রী তাহসিনা রুশদীর লুনার অনুষ্ঠানে কার ইন্দনে এই ‘ডেবিল’ আহমদ আলী প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।”
একই সুর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের। তিনি অবিলম্বে উপজেলা ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আহমদ আলীকে যেকোনো দলীয় সভা-সমাবেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান। এছাড়া ছাত্রদল নেতা ইসলাম উদ্দিন ও স্থানীয় ব্যবসায়ী সামসুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, এতদিন আওয়ামী লীগের রাজনীতি করে এখন ব্যবসায়ীর সাইনবোর্ড টাঙ্গিয়ে বিএনপির টেবিলে বসা এক চরম লজ্জাজনক সুযোগসন্ধানী রাজনীতি।
এমনকি স্থানীয় আওয়ামী লীগ নেতারাও তাঁর এই অবস্থান পরিবর্তনের তীব্র সমালোচনা করেছেন। সিঙ্গেরকাছ বাজার বণিক সমিতির সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মানিক মিয়া বলেন, “আহমদ আলী দীর্ঘদিন আমাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। তিনি হুট করে কীভাবে দল বদলালেন তা দেখে আমি হতভম্ব। এ ধরনের সুযোগ সন্ধানীরা দলের ক্ষতি করে।”
কর ও ভ্যাট ফাঁকি দিয়ে কোটি টাকার বিএমডব্লিউ ব্যবহার!
রাজনৈতিক অভিযোগের পাশাপাশি আহমদ আলীর বিরুদ্ধে শতলক্ষ টাকার সরকারি রাজস্ব ফাঁকির সুনির্দিষ্ট তথ্য উঠে এসেছে। দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা নুর উদ্দিন মেম্বার জানান, ২০১০ সালে যুক্তরাজ্য থেকে কার্নেট ডি প্যাসেজ সুবিধার সুযোগ নিয়ে একটি কোটি টাকা মূল্যের বিএমডব্লিউ (BMW KJO3 YMC) গাড়ি দেশে নিয়ে আসেন আহমদ আলী। ২ বছর পর গাড়িটি ব্রিটেনে ফেরত পাঠানোর নিয়ম থাকলেও তিনি তা করেননি এবং কোনো প্রকার শুল্ক বা ভ্যাট না দিয়ে বছরের পর বছর অবৈধভাবে ব্যবহার করেছেন।
পরবর্তীকালে আহমদ আলী লন্ডনে চলে গেলে গাড়িটি তাঁর আপন চাচাতো ভাই আজাদ মিয়া ও মামাতো ভাই জহির আলীর হেফাজতে রাখা হয়। তাঁরাও সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে গাড়িটি ব্যবহার করে আসছিলেন। এ বিষয়ে গত ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে নুর উদ্দিন মেম্বার দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবে অভিযোগটি ধামাচাপা পড়ে যায়। নুর উদ্দিন মেম্বার জানিয়েছেন, কোটি টাকার এই বিতর্কিত গাড়িটির বর্তমান অবস্থান ও কর ফাঁকির বিষয়ে তিনি অতি শীঘ্রই পুনর্নিয়োগের মাধ্যমে দুদকে পুনরায় আবেদন করবেন।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে গভীর সখ্যতা যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বিশ্বনাথের স্থানীয় অধিবাসীদের হাতে আহমদ আলীর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে সখ্যতার অসংখ্য প্রমাণ ও ছবি সংরক্ষিত রয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান এবং বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম নুনু মিয়ার সাথে তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠতার দলিল রয়েছে।
যুক্তরাজ্য বিএনপির ত্যাগী নেতারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে নির্যাতন-পীড়ন সহ্য করার পর আজ একজন কথিত প্রদেয় নেতার ছত্রছায়ায় আহমদ আলী বিএনপির নেতাদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন। বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির হাইকমান্ডের কাছে লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি চলছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ পশ্চিমগাঁও গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে আহমদ আলীর সাথে এসব বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সংবাদে প্রকাশ করা হবে।