
নিউজ ডেস্ক
সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আগেই জানা গেলেও এবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠবে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের নতুন আসরের। উদ্বোধনী দিনেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মাঠ কাঁপাতে নামবে চারটি শক্তিশালী দল।
দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচ দিয়ে টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক আবহ শুরু হওয়ার পাশাপাশি সিলেটের দর্শকরাও পাচ্ছেন নিজেদের দলকে সরাসরি সমর্থন করার সুযোগ। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে দিনের দ্বিতীয় ম্যাচ, যেখানে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়াইয়ে নামবে নোয়াখালী এক্সপ্রেস। দুই ম্যাচেই থাকবে টি-টোয়েন্টির উত্তেজনা, বড় শট আর হাই-স্কোরিং লড়াইয়ের সম্ভাবনা।
পুরো টুর্নামেন্টজুড়ে দেশের বিভিন্ন ভেন্যুতে চলবে ম্যাচগুলো। তবে উদ্বোধনী পর্ব হওয়ায় সিলেটে এবার থাকবে বাড়তি রঙিন আয়োজন। এদিকে আয়োজকরা জানিয়েছেন, ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল ম্যাচ। কোনো কারণে ফাইনাল অনুষ্ঠিত না হলে ২৪ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। সব মিলিয়ে জমজমাট আয়োজনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।