
ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শুক্রবার (২৬ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি ঘটনাকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেন। খবর এনডিটিভির।
রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত বৈরিতা অত্যন্ত উদ্বেগের বিষয়।’
এসব ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘অপরাধের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে- এমন প্রত্যাশা করছে ভারত।’
তবে গত কয়েকদিনে ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও ভিসা সেন্টারকে কেন্দ্র করে যে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
এদিকে সম্প্রতি রাজবাড়ীর পাংশায় সংঘটিত একটি ‘দুঃখজনক’ হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হামলা নয় বলে স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, কলকাতায় উপ-দূতাবাস এবং শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কয়েকটি কট্টরপন্থি সংগঠনের বিক্ষোভ এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
এসব ঘটনার পর ভারত বাংলাদেশি মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করলেও পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত এলাকায় অবস্থান নিয়ে বিজেপির কয়েকজন রাজ্য-পর্যায়ের নেতার ‘উসকানিমূলক’ মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে এসব বিষয় নিয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এদিন কোনো বক্তব্য দেননি।