বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪

নিউজ ডেস্ক
প্রতীকী ছবি

 

সিলেট বিভাগে হাম পরিস্থিতির এখনো তেমন উন্নতি হয়নি। প্রতিদিনই নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৬ জনে। সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।

মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৪ জন সন্দেহভাজন রোগী।

নতুন করে মারা যাওয়া শিশুটির বয়স ৭ মাস। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চলতি বছরের শুরু থেকে ১১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জে। জেলাটিতে ৩৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া সিলেটে ২৮৭ জন, মৌলভীবাজারে ১২০ জন এবং হবিগঞ্জে ১১৬ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনকে রুবেলা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন রয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ২৯৪ জন সন্দেহভাজন রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ১৩৭ জন চিকিৎসাধীন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ৭৯ জন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

জেলাভিত্তিক হিসাবে, সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে। এ হিসাবে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১২২ জন।

অন্যদিকে, নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জে হাম সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.