
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের পর তৃতীয় ম্যাচেও গোলের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। তার জোড়া গোলের সুবাদে স্কটল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ব্রাজিল।
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচের ৭ মিনিটেই গোল করেন ভিনি। স্কটল্যান্ড ভুল করলেও ভুল করেননি তিনি।
ম্যাচের ৭ মিনিটে তরুণ উইঙ্গার রায়ান স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক ম্যাককেনার ওপর চাপ সৃষ্টি করেন। বিপদ এড়াতে বল দূরে ক্লিয়ার করতে গেলে তার পাস ব্লক করেন রায়ান। তাতে বল চলে যায় ভিনিসিয়ুসের কাছে। বল পেয়ে ঠাণ্ডা মাথায় গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচের ২২ মিনিটে স্কটল্যান্ডের জালে আরও একবার বল পাঠান ভিনিসিয়ুস। এবার ভুলটা করেন স্কটিশ সেন্টার-ব্যাক জ্যাক হেন্ড্রি। ভিনির চাপে বল হারান তিনি। আর সেই সুযোগে গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে পাঠান ভিনি। কিন্তু ভিএআর যাচাইয়ে গোলটি বাতিল করেন রেফারি। গোলের আগে হেন্ড্রিকে ফাউল করায় বাতিল করা হয় গোলটি।
প্রথমার্ধের শেষের দিকে মাতেউস কুনিয়াকে দ্বিতীয় গোল করা থেকে রুখে দেন লুইস ফার্গুসন ও জ্যাক হেনড্রি। ভিনিসিয়ুসের পাস থেকে কুনিয়ার শট প্রায় গোললাইন থেকেই ক্লিয়ার করায় বেঁচে যায় স্কটল্যান্ড। তবে দ্বিতীয় গোল পেতে বেশি সময় নেননি ভিনিসিয়ুস। প্রথমার্ধে যোগ করা সময়ে (৪৫+৩) ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল করেন তিনি। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।