
সিলেটের জকিগঞ্জ উপজেলার হাসিতলা গ্রামের বাসিন্দা কয়েছ আহমদ (কছালী)-এর বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনটি ইউনিয়নের মুরুব্বী, সালিশ ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মোর্তজা টিপু, ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সত্তার মঈন, সিলেট জেলা বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন রাজু, ৭নং বারঠাকুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নছির উদ্দিন, তিনবারের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য, শরীফগঞ্জ বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, তাদের বিশ্বাস অনুযায়ী কয়েছ আহমদ (কছালী) ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত নন। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হোক। তদন্তে যদি তার বিরুদ্ধে কোনো সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া যায়, তবে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তারা।
একই সঙ্গে বক্তারা বলেন, যদি তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ মেলে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
সভায় উপস্থিত সবাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।