শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯

নিউজ ডেস্ক

 

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে পাঁচজনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১০২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬১৬ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে সুনামগঞ্জে ৩২২ জন। সিলেট জেলায় ২০৬ জন, হবিগঞ্জে ৬১ জন (এর মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত) এবং মৌলভীবাজারে ২৭ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যু না হলেও বছরের শুরু থেকে এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে মোট ১০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন চারজন এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১০৫ জন।

মৃত্যুর সংখ্যায়ও শীর্ষে রয়েছে সুনামগঞ্জ, যেখানে মারা গেছেন ৪৮ জন। এছাড়া সিলেট জেলায় ৩৭ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯১ জন রোগী। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৯৮ জন ভর্তি রয়েছেন। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৯ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জনসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির হার এখনো উল্লেখযোগ্য থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি আরও জোরদার করা হয়েছে এবং হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.