
নিউজ ডেস্ক
শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে ২৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আহমেদ তাকে আদালতে হাজির করলে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালে ব্যবসায়ী খলিলুর রহমানকে ধানমন্ডির একটি অফিসে ডেকে নেন মোজাম্মেল হক। সেখানে ছাত্রলীগ-যুবলীগের কয়েকজনকে সঙ্গে রেখে তিনি খলিলুর রহমানের কাছে নির্বাচনি খরচের অজুহাতে ২৫ লাখ টাকা দাবি করেন। তিন দিনের মধ্যে টাকা না দিলে তাকে গুম করার প্রকাশ্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ আছে।
খলিলুর রহমান আরও জানান, পরবর্তী নির্বাচন ঘিরে শরীয়তপুরে তার ব্যবসার বিরুদ্ধে নানা ভিত্তিহীন অভিযোগ তোলে স্থানীয় ব্যবসায়ী সমিতির মাধ্যমে অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়। নিয়মিত হুমকি-ধমকির কারণে তিনি বাধ্য হয়ে তার ব্যবসা বন্ধ করে দেন। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।
পরবর্তীতে ঘটনাটি নিয়ে তিনি আইনের আশ্রয় নেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চলতি বছরের ৫ অক্টোবর নিকেতন এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলাটির তদন্ত বর্তমানে চলমান, এবং আদালত প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন।