বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

লোডশেডিং নিয়ে সুখবর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

 

আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, ‘বর্তমানে রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদনে পিছিয়ে থাকা কিছু বিদ্যুৎকেন্দ্র দ্রুত পূর্ণ সক্ষমতায় ফিরে আসবে। এতে আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে।’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দেশের জ্বালানি খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সমন্বিত ও সমাধানমুখী নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে খুব শিগগিরই পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এই উত্তপ্ত গরমে গ্রীষ্মে আমাদের অনেককেই বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হতে হচ্ছে। স্পষ্টতই এই সমস্যা একদিনের নয়। এই পুঞ্জীভূত সমস্যার দায় কোনোভাবেই বর্তমান নির্বাচিত সরকার কিংবা কারো নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার দায় আমাদের সবাইকে নিতে হচ্ছে। আর তাই বর্তমানে উৎপাদন ক্ষমতা কাগজে-কলমে অনেক বেশি থাকলেও বাস্তবতার সঙ্গে সেটির গরমিল রয়েছে।’

তিনি বলেন, ‘বুধবার (২২ এপ্রিল) বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট। তার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। অর্থাৎ আমাদের ২ হাজার ৮৬ মেগাওয়াট লোডশেডিং করতে বাধ্য হতে হয়েছে। এ ক্ষেত্রে সরকার একটি নীতি প্রথম থেকেই গ্রহণ করেছিল। ফসল ওঠার মৌসুমে কোনোভাবেই কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং ফসলের ক্ষেতে সেচের জন্য পর্যাপ্ত ডিজেল ও বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেটি নিশ্চিত করবার জন্য চেষ্টা করে যাচ্ছি।’

চলমান তীব্র গরমে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে এজন্য তিনি সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.