বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

এনসিপি নেতাকে গুলি: নারী সঙ্গীকে খুঁজছে পুলিশ, মাদক আলামত উদ্ধার

নিউজ ডেস্ক

খুলনায় এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলির ঘটনায় তার সঙ্গে থাকা এক নারী সঙ্গীকে খুঁজছে পুলিশ। ঘটনার পর ফ্ল্যাট তল্লাশি করে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার ( ২২ ডিসেম্বর) দুপুরে নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, ওই ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ চলছিল। নিজেদের মধ্যে কোন্দলের জেরেই গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”

গুলিবিদ্ধ মোতালেব শিকদার (৪২) নগরীর সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে। তিনি জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আল আকসা মসজিদ স্মরণির ১০৯ নম্বর রোডের মুক্তা হাউজের নিচতলায় এ গুলির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার রাত থেকে মোতালেব ওই ফ্ল্যাটেই অবস্থান করছিলেন।

থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, “ঘটনার পর স্থানীয় লোকজন তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে মাথার সিটি স্ক্যানের জন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়।”

তিনি জানান, গুলিটি মোতালেবের বাম কানের পাশ দিয়ে ঢুকে বের হয়ে যায়। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, “তার মাথার বাম পাশে গুলি লেগেছে। সার্জারি ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।”

মুক্তা হাউজের মালিকের স্ত্রী আশরাফুন্নাহার সাংবাদিকদের জানান, “তন্বী নামের এক তরুণী নিজেকে মোতালেবের স্ত্রী পরিচয় দিয়ে প্রায় এক মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি নিজেকে এনজিওকর্মী বলে পরিচয় দিতেন।”

তিনি আরও বলেন, “ফ্ল্যাটে নিয়মিত একাধিক পুরুষের যাতায়াত ছিল। পরে অন্যদের মাধ্যমে তার অসামাজিক কর্মকাণ্ডের কথা জানতে পেরে আমরা এ মাসেই বাসা ছাড়ার নোটিস দিই। তার আগেই এই ঘটনা ঘটে।”

ঘটনার পর থেকে তন্বী নামের ওই নারী পলাতক রয়েছেন। পুলিশ তাকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ডিসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “ফ্ল্যাট থেকে মাদকসেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। মোতালেবকে জিজ্ঞাসাবাদ করলে বাকিদের পরিচয় জানা যাবে।”

এনসিপি খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ বলেন, “মোতালেবকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়েছে। সামনে খুলনায় একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল, সেটির প্রস্তুতিতে তিনি ব্যস্ত ছিলেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.