বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনার জামায়াত নেতা নিহত

নিউজ ডেস্ক

 

যশোরের মনিরামপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৫৫) নামে এক জামায়াতে ইসলামীর নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী কামরুজ্জামান।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, নিহতের মরদেহ মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত শরিফুল ইসলাম মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে। তিনি মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন। এ ছাড়া রাজগঞ্জ বাজারে তার একটি হোমিও চিকিৎসা কেন্দ্র রয়েছে। আহত কামরুজ্জামান একই গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, শরিফুল ইসলাম ও কামরুজ্জামান জালঝাড়া জামায়াতে ইসলামী পার্টি অফিসের একটি কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মনিরামপুর সরকারি কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পাকা সড়কে ছিটকে পড়েন। এতে দু’জনই বুকে ও মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, হাসপাতালে আনার পর শরিফুল ইসলামকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.