মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সিলেট-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

 

সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী ২ জুনের মধ্যে দাবি আদায় না হলে ৩ জুন (বুধবার) ভোর ৬টা থেকে এই ধর্মঘট কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

রোববার (৩১ মে) দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ‘হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস, ট্রাক, সিএনজি ও ম্যাক্সি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ’।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল নিয়ে সৃষ্ট সংকট নিরসনে ইতিপূর্বে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান আসেনি। বিশেষ করে হবিগঞ্জের বাসগুলো পূর্বের মতো মৌলভীবাজার হয়ে সিলেটে যাতায়াত করতে পারছে না, যা সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সমন্বয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসসমূহকে নির্বিঘ্নে মৌলভীবাজার হয়ে সিলেট চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে। যদি এই সময়ের মধ্যে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যার স্থায়ী সমাধান করতে ব্যর্থ হয়, তবে ৩ জুন থেকে হবিগঞ্জ জেলাজুড়ে সব ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

পরিবহন নেতারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি। দফায় দফায় বৈঠক করেও কোনো সুরাহা না হওয়ায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। সাধারণ মানুষের ভোগান্তি আমাদের কাম্য নয়, কিন্তু অধিকার আদায়ের স্বার্থে এ ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই।

ধর্মঘট শুরু হলে হবিগঞ্জের সাথে সিলেট ও ঢাকাসহ সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ যাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.